গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ফ্যাসিবাদের বিচার দ্রুত কার্যকর করার দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট মহানগর শাখা।
সমাবেশে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে দেশে মারাত্মক রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। একই সঙ্গে জনগণের ক্ষোভ ও আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্য এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণের আহ্বান জানান তারা।
শুক্রবার বাদ জুমা জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে সিলেট মহানগর জমিয়তের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান।
এ ছাড়াও বক্তব্য দেন মহানগর জমিয়তের সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা মুখতার আহমদ, দক্ষিণ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির যামডরী, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল ও হাফিজ আহমদ সগির আমকোনী প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর দেশের মানুষ পরিবর্তন চাইলেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকারকে সতর্ক করে তারা বলেন, জনগণের পালস বা মানুষের মনের ভাষা বুঝে অবিলম্বে দ্রব্যমূল্য এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে। অন্যথায় জনগণের ক্ষোভের আগুন থেকে রেহাই পাওয়া যাবে না।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি শক্ত হাতে দমন করতে না পারলে অর্জিত উন্নয়নের সবকিছুই ভেস্তে যাবে। তাই অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সহসম্পাদক মাওলানা মুফতি মতিউর রহমান চৌধুরী, সৈয়দ সালিম কাসেমী, উত্তর জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, শ্রমিক জমিয়তের কেন্দ্রীয় নেতা হাফিজ মাহমুদুল হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

