সিলেটে নিষিদ্ধ ও উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকার দায়ে ১১ জন চালক ও যানবাহনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় র্যাব-৯ এবং সিলেট পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কয়েকটি যানবাহনে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এ নির্ধারিত অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্নকারী হর্ন ব্যবহার করতে দেখা যায়। এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘন করে কয়েকটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল।
এ সময় কয়েকটি যানবাহনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্রও প্রদর্শন করতে পারেননি সংশ্লিষ্ট চালক ও মালিকরা।
পরে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী ১১ জন চালক ও যানবাহনের মালিককে সর্বমোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ জানায়, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

