রাষ্ট্রপতির সফর ঘিরে বর্ণিল সাজে সিলেট, নিরাপত্তার জোরদার

রাষ্ট্রপতির সফর ঘিরে বর্ণিল সাজে সিলেট, নিরাপত্তার জোরদার
সার্কিট হাউজ এলাকায় করা হয়েছে আল্পনা। ছবি: আমার দেশ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও বিভিন্ন এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেট সার্কিট হাউসে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নগরের বিভিন্ন সড়কের ডিভাইডার, কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়িঘরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রং-তুলির আঁচড়ে সাজানো হয়েছে। সার্কিট হাউস এলাকায় করা হয়েছে আল্পনাও।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সফর উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পাশাপাশি সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণেও সাজসজ্জার কাজ করা হয়েছে। সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নগর ভবন প্রাঙ্গণে প্যান্ডেল নির্মাণসহ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে নগরবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। সংবর্ধনা শেষে সন্ধ্যায় তার ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তাব্যবস্থা, সড়ক ব্যবস্থাপনা এবং সফরের বিভিন্ন আয়োজন সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

রাষ্ট্রপতির সিলেট সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি আমার দেশকে জানান, রাষ্ট্রপতির দপ্তরের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এসএমপির পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রপতির চলাচলের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে গোয়েন্দা শাখা (ডিবি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং সাদা পোশাকে পুলিশ সদস্যদের মোতায়েন করা হবে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) সদস্যদেরও স্ট্যান্ডবাই রাখা হবে।

রাষ্ট্রপতির সফর চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা, প্রবেশপথ ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি থাকবে। সফর নির্বিঘ্ন করতে এসএমপির সংশ্লিষ্ট সব ইউনিট সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা আমার দেশকে জানান, রাষ্ট্রপতির সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, রাষ্ট্রপতির সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সরকারি প্রতিষ্ঠানের প্রস্তুতির পাশাপাশি দলীয়ভাবেও রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেটে রাষ্ট্রপতির প্রথম সফরকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী আমার দেশকে জানান, রাষ্ট্রপতি হওয়ার পর সিলেটে এটা প্রথম সফর। এ উপলক্ষে সিলেট মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।

তিনি আরও জানান, দলের সিনিয়র নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে রাষ্ট্রপতির সফরকে সুষ্ঠু, সুন্দর ও সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মাজার এলাকায় ছয়তলা ভবন, মহিলা ইবাদতখানা, কবরস্থানের বাউন্ডারি ও পুকুরসহ বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।

বর্তমানে বড় একটি প্রকল্পের কাজও চলমান রয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। সফরটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...