যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সফরে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সিলেটের উন্নয়ন, প্রবাসীদের অবদান এবং পর্যটনের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেটের বিমানবন্দর এলাকায় একটি অভিজাত হোটেলে খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সৌজন্য সাক্ষাতে সিলেটের উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের—বিশেষ করে সিলেটি প্রবাসীদের—অবদান, পর্যটন খাতের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে মতবিনিময় হয়।
'ফ্রিডম ২৫০' উদযাপনের অংশ হিসেবে তিন দিনের সফরে সিলেটে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ধরনের মতবিনিময় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে। তিনি জানান, আলোচনায় সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের উন্নয়নের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে, বিশেষ করে সিলেট অঞ্চলে, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এরপর সিলেট সার্কিট হাউসে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠক করেন রাষ্ট্রদূত। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সিলেটি প্রবাসীদের অবদান, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে ঐতিহাসিক কিন ব্রিজ ও আলী আমজাদের ঘড়ি পরিদর্শন করবেন। এ সময় তিনি সুরমা নদীর প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

