সিলেটে হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেটে হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে একদিনে আরো চার শিশুর মৃত্যুর হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। মৃত চারজনের দুজন সিলেটের, ১ জন সুনামগঞ্জের ও ১ জন মৌলভীবাজারের।

বিজ্ঞাপন

শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। একই সময়ে আরো ৪৩ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মারা যাওয়া শিশুরা হলো, আবিদ (১০ মাস) বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে, আরাবি আহমদ (১৫ মাস) বাড়ি শাহপরাণ সিলেট, নাফি ইসলাম (৫ মাস), বাড়ি শ্রীমঙ্গল মৌলভীবাজার ও নিলয় রায় (৬ মাস) দিরাই সুনামগঞ্জ। এরমধ্যে আবিদ ও আরাবি সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং নাফি ও নিলয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট ৫১ শিশুর মৃত্যু হলো। বর্তমানে বিভাগে ২৯৫ সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। এরমধ্যে সর্বোচ্চ সুনামগঞ্জে ৮৪ জন, সিলেটে ৪২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ১৬ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) শনাক্ত হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ২৯৫ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন চিকিৎসাধীন। এছাড়া অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও অনেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৪৭ জন এবং ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে ৪ জন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন