সার কালোবাজারি করলে দলীয় পরিচয়েও রেহাই নয়: বিএনপি এমপি

সার কালোবাজারি করলে দলীয় পরিচয়েও রেহাই নয়: বিএনপি এমপি
মাধবপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন এমপি এস.এম. ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। সার নিয়ে কেউ অপরাজনীতি বা কালোবাজারি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন কর্মকাণ্ডে দলীয় পরিচয়ের কেউ জড়িত থাকলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

রোববার সকালে মাধবপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস.এম. ফয়সল বলেন, কৃষকদের যাতে সারের জন্য কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখতে হবে। সার নিয়ে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, কেউ সার কালোবাজারি করলে তার লাইসেন্স বাতিল করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে দলীয় লোকজন জড়িত থাকলেও তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। দলীয় পরিচয় ব্যবহার করে অন্যায়-অনিয়ম করার কোনো সুযোগ নেই।

বিএনপিতে চাঁদাবাজি, অন্যায় ও জুলুমের কোনো স্থান নেই উল্লেখ করে এস.এম. ফয়সল বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অন্যায়-অনিয়ম করলে তার দায় বিএনপি নেবে না। দলের লোক হলেও অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছেলেমেয়েদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মাদকের কারণে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে তাদের সহযোগিতা করতে হবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সরকার সহায়তা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি। এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ, ইউপি চেয়ারম্যান মীর খুর্শেদ আলম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন