মফস্বল সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

মফস্বল সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেছেন, মফস্বলের সাংবাদিকরা সংবাদপত্রে আন্তরিকভাবে কাজ করলেও তাদের সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত। তিনি মফস্বল সাংবাদিকদের জন্য নবম ও দশম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

বিজ্ঞাপন

সোমবার সিলেট প্রেসক্লাবে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) সভাপতি মো. বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন নূর।

ওবায়দুর রহমান শাহীন বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে সাংবাদিকদের ভূমিকা ছিল অগ্রণী। শিক্ষার্থীদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তায় স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছে। তবে ৫ আগস্টের পর সাংবাদিকদের প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের ভূমিকা কোনোক্রমেই ভালো মনে হচ্ছে না। আইন প্রণয়নের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সাংবাদিকবান্ধব আইন প্রণয়ন এবং সিকিউরিটি আইন বাস্তবায়নের ক্ষেত্রে আরও চিন্তাভাবনা করার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি সব ভেদাভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মুকতাবিস-উন নূর বলেন, মফস্বলের সাংবাদিকরা সংবাদপত্রের প্রাণশক্তি। তাদের অবহেলা বা অধিকারবঞ্চিত করে কখনো কেউ লাভবান হয়নি। সাংবাদিকদের সুরক্ষার পাশাপাশি তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে বিএফইউজে সবসময় ঢাল হিসেবে কাজ করবে।

সুধী সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক এম এ মতিন, দৈনিক সিলেটের ডাক-এর জ্যেষ্ঠ রিপোর্টার আনাস হাবিব কলিন্স, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান ফয়সল আমীন, দেশ টিভির প্রতিনিধি খালেদ আহমদ, দৈনিক যায়যায়দিনের সিলেট ব্যুরো প্রধান ইফতেখার মো. নাবিল এবং এসএমইউজের সদস্য এ কে কাওছার, শহীদুল ইসলাম, মুহিব হাসান, ঈশা তালুকদার ও এনামুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন