সিলেটে টানা ভারীবর্ষণে গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বখক্তিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রিয়াজ উদ্দিন, তার স্ত্রী ও ২ শিশুসন্তান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে রিয়াজ তার পরিবার নিয়ে গভীর ঘুমের মধ্যে ছিল। যে কারণে ঘর থেকে বের হতে পারেনি। খবর পেয়ে আমরা ছুটে এসেছি। স্থানীয় লোকজন চেষ্টা করে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে। তারা এসে উদ্ধার কাজ চালাবে।
মাটিচাপা পড়া ওই ঘরের মধ্যে আরও সদস্যরা থাকতে পারে ও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।
এদিকে, এ খবর পেয়ে বিপুলসংখ্যক এলাকাবাসী ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। সকাল ৬টার দিকে উদ্ধার কাজ শুরু হলেও বৃষ্টি থামেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

