এক দিনের সফরে সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান তিনি। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে মাজার জিয়ারত করেন। মোনাজাতে তিনি দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এরপর তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং সেখানে জোহরের নামাজ আদায় করেন।
এর আগে মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে সিলেট সার্কিট হাউসে পৌঁছান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ স্থান এবং উভয় মাজার এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
এদিকে, রাষ্ট্রপতির এক দিনের সিলেট সফরের অংশ হিসেবে বেলা সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

