প্রথমবারের মতো ব্যালট ভোটে নেতৃত্ব বাছাই করতে যাচ্ছে মৌলভীবাজার পৌর বিএনপি। আগামী ২০ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিনব্যাপী এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। ৯টি ওয়ার্ড কমিটির ৬৩৯ জন ভোটার ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলিউর রহমান ও আনিসুজ্জামান বায়েস। সিনিয়র সহ-সভাপতি পদে সারওয়ার মজুমদার ইমন ও রুনু আহমদ। সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান ও সালাম আহমেদ জিতু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম স্বপন, মহসীন আহমদ, মো. কামাল আহমেদ ও আমিনুর রশীদ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শেখ জুবেদ, তুহিন আহমেদ, মোস্তাফিজুর হোসেন শাহীন, রেজাউল করিম রেজা, কমরু মিয়া ও শেখ সুজন আহমেদ।
সম্মেলনকে ঘিরে শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীরা নিজেদের ছবি ও প্রচারণা চালাচ্ছেন, তৃণমূল কর্মীদের কাছে ভোট চাইছেন।
পৌর বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান বলেন, ২০০৯ সালে ছোট পরিসরে সম্মেলন হয়েছিল, এবার হচ্ছে পূর্ণাঙ্গ সম্মেলন ও ব্যালট ভোট।
আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ জানান, প্রথমবারের মতো ব্যালটে ভোট হচ্ছে। এবার অন্তত ৩ হাজার মানুষের উপস্থিতি থাকবে। সম্মেলন হবে সফল।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, এই সম্মেলন শুধু নেতৃত্বের নির্বাচন নয়, কর্মীদের ঐক্য ও মনোবল বৃদ্ধিরও প্রক্রিয়া। সফল হলে অন্যান্য ইউনিটেও নেতৃত্ব নির্বাচনে গতি আসবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

