আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, সিসিটিভিতে শনাক্ত যুবক আটক

সিলেট ব্যুরো

দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, সিসিটিভিতে শনাক্ত যুবক আটক

সিলেট নগরীর আলোচিত হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে সিএনজি অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক যুবকের নাম রশিদ আহমদ ওরফে রশিদ আলী। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, রশিদ একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

বিজ্ঞাপন

বুধবার ভোরে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, তিনি রশিদ আলী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত এলাকা হাউজিং এস্টেটের ভেতরের সড়কে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। এরপর যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশা সড়ক দিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে সেটির গতিরোধ করে। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগটি টানাটানি করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল আরোহীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার সময় অটোরিকশা থেকে নেমে ওই নারীকে চিৎকার করতে দেখা যায়। পরে ভুক্তভোগী ইয়াসমিন আক্তার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ঘটনায় সিলেটজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে শিগগিরই সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হতে পারে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন