সুনামগঞ্জের তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার শনির হাওর পাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর, জয়নগর, লক্ষ্মীপুর, ধুতমা গ্রামের লোকজনের সঙ্গে মধ্য তাহিরপুরের ময়মনসিংহ হাটির বাসিন্দাদের বিরোধ হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়।
ওই ঘটনার জেরে মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের একটি মসজিদের মাইকে সংঘর্ষের ঘোষণা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, মাইকে সবাইকে শনির হাওর পাড়ে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
পূর্বপরিকল্পনা অনুযায়ী বুধবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ শনির হাওর পাড়ে জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল বলেন, ‘সারা রাত ওই গ্রামগুলোতে পুলিশ মোতায়েন ছিল। স্থানীয়দের সংঘর্ষে না জড়াতে সতর্কও করা হয়েছিল। এরপরও তারা সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবির একটি দল ঘটনাস্থলে ছিলেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

