জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হলো ৮০ লাখ ঘনফুট গ্যাস

জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হলো ৮০ লাখ ঘনফুট গ্যাস

হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ডের তিন নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। সোমবার সকাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানালেন কর্তৃপক্ষ। আগামী ১০ বছর এ কূপ থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

রশিদপুরের তিন নম্বর কূপ থেকে চূড়ান্ত উৎপাদনে যাওয়ার আগে গত রোববার দিনভর গুণগত মান ও নিরাপত্তা পরীক্ষা করা হয়। গ্যাসের তাপমাত্রা, চাপ, হাইড্রোকার্বনের মান, ডিহাইড্রেশন, কমপ্রেসর ও মিটারিং সিস্টেমের কার্যকারিতা নিশ্চিতের পর রাতে উৎপাদন প্রক্রিয়ায় সফলতা আসে।

সিলেট সফিল্ডের অধীনস্থ এ কূপটিতে গত দুই মাস আগে ওয়ার্কওভারের কাজ শুরু করে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠান বাপেক্স। ৭৩ কোটি টাকা ব্যয়ে শেষ হয় এ কাজ।

বাপেক্স কর্মকর্তা জানান, ভবিষ্যতেও দেশের প্রয়োজনে গ্যাস উৎপাদনে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

বাপেক্স এমডি মো. ফজলুল হক বলেন, এখানে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবারহ করা সম্ভব হবে। আপার জোন কমপ্লিট করা হয়েছে। এ জোনের ভালো রিজার্ভ রয়েছে। আমরা আশা করছি আগামী দশ বছর এটি রান করবে।

সিলেট গ্যাসফিল্ড লি. এর এমডি আব্দুল জলিল প্রামানিক বলেন, আমরা পারস্পরিক সহায়তায় মন্ত্রণালয়ের ও পেট্রো বাংলার সহায়তায় ও কোম্পানিগুলোর সামগ্রিক প্রচেষ্টায় আমাদের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।

রশিদপুর গ্যাসফিল্ডের উপমহাব্যবস্থাপক (অপারেশন) প্রকেশৗলী সুমন বিকাশ দাশ বলেন, ৫ সেপ্টেম্বর কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে। আজ থেকে আনুষ্ঠানিক ভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আগামী দশ বছর এ কূপ থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন