হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে বরকত আলী ও সালিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি যৌথ পুকুরে বরকত আলীর পক্ষের লোকজন মাছ ধরতে গেলে সালিম উদ্দিনের পক্ষের লোকজন তাতে বাধা দেন। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
গুরুতর আহতদের মধ্যে বরকত আলী (৩৫), নাঈম (১৯), ইমন (১৮), নুর উদ্দিন (২৮), আরজান (৪৭), ফুল মিয়া (৬০), ফাহিম (১৬), মহিউদ্দিন (৪২), বায়েজিদ (৫০), গিয়াস উদ্দিন (৪০) ও মিজান উদ্দিনকে (৫০) লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
লাখাই থানার ওসি শরিফ আহমেদ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় গ্রামবাসীর সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

