এম নাসের রহমানকে নিয়ে ভুয়া ভিডিও, আইনি পদক্ষেপের ঘোষণা

এম নাসের রহমানকে নিয়ে ভুয়া ভিডিও, আইনি পদক্ষেপের ঘোষণা
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে এআই ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার নিজের ফেসবুক পোস্টে এম নাসের রহমান দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার মুখমণ্ডলের ছবি অন্য একটি শরীরে সংযুক্ত করে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে এবং তার রাজনৈতিক দলকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

এম নাসের রহমান জানান, এ ঘটনায় ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সরকারের একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্মিত ভিডিও, ছবি বা তথ্য শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচারও প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে এম নাসের রহমান বলেন, অপপ্রচার ও গুজব সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে এবং সত্যতা যাচাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার করা উচিত নয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন