ওসমানীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ওসমানীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
দুদকের বিতর্কে চ্যাম্পিয়ন নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি: আমার দেশ

সিলেটের ওসমানীনগরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুর্নীতির কারণ ও প্রতিরোধ নিয়ে যুক্তিতর্কে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এবারের বিতর্কের বিষয় ছিল ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।’ বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় উপজেলার মোট ৬টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় মোহাম্মদ নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া পক্ষে ও বিপক্ষে দুজন শিক্ষার্থীকে সেরা বক্তা হিসেবে নির্বাচিত করা হয়।

বিতর্কের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী রেজোয়ানুল হক চৌধুরী শাহীন। বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক নুরুল ইসলাম রেফুল, শিক্ষক এমদাদুল ইসলাম ও প্রভা ভাওয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুদক সিলেটের সহকারী পরিচালক আশরাফ হোসেন, ওসমানীনগর দুদকের সভাপতি ও বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছুরাব আলী এবং সাধারণ সম্পাদক মো. শহীদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক প্রণয় কুমার পাল, বালাগঞ্জ দুদকের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহীন ও সাংবাদিক মুহিব হাসান।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, করুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা সুলতানা, ওসমানীনগর ইসলামিক একাডেমির অধ্যক্ষ মাওলানা সাদিক সিকান্দার ও মিডিয়া কর্মী রাজন আহমদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি সমাজের নৈতিক ভিত্তি দুর্বল করে এবং রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মকে দুর্নীতির কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ ঘটানো সম্ভব।

পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দলকে পুরস্কার তুলে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন