দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের

দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি ও হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে। বিগত ফ্যাসিস্ট আমল থেকেই এই খাতে লুটপাট শুরু হয়েছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তা সীমা ছাড়িয়ে গেছে। সেই দুর্নীতির ধারাবাহিকতা বর্তমানেও অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে সম্প্রতি কোনো কাজ না করিয়ে ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা—তা আমরা হাতে-নাতে ধরেছি। দুর্নীতির লাগাম টেনে না ধরলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। দেশের স্বাস্থ্য বিভাগ এখন দুর্নীতির মহাসমুদ্রে রূপ নিয়েছে। এই সমুদ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্ত্রী-এমপিরাও হাবুডুবু খাচ্ছেন।

তিনি আরো বলেন, সরকারি হাসপাতালগুলোতে অনিয়ম-দুর্নীতি থাকার কারণে মানুষ এখন চিকিৎসাসেবা নিতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে স্বস্তি বোধ করেন।

ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও দেশের বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন এবং সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী।

ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের এমডি দিলরুবা চৌধুরী ও তানভীর চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত হয়। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন