সিলেট বিভাগে এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৫ জন, যা গত দুই বছরে এপ্রিল মাসের হিসাবে সর্বনিম্ন। এর মধ্যে পাঁচজনই মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। গত এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। এর আগে মার্চ মাসে ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছিল। এ বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায় আর সবচেয়ে কম সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায়।
সোমবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করে।
প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়। এর মধ্যে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৫৩ জন আহত হয়। সুনামগঞ্জ জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। মৌলভীবাজার জেলায় চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছে এবং হবিগঞ্জ জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে পথচারীসহ মোটরসাইকেল আরোহী এবং সিএনজি ও টমটম চালক।
এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ছয়টি দুর্ঘটনায় তিনজন, মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

