মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা বাজার এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাস আলম এশিয়ার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায়। পরে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা সিএনজির ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। নিহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং প্রচুর রক্তক্ষরণ ছিল। তাঁদের মধ্যে একজনের পা ভেঙে গেছে।
তিনি জানান, নিহতদের লাশ হাসপাতালে রাখা হয়েছে। রাত ১০টা পর্যন্ত তাদের কোনো স্বজন হাসপাতালে আসেননি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার সময় বাসে থাকা মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বলেন, তারা শিক্ষা সফর শেষে ময়মনসিংহের উদ্দেশে ফিরছিলেন। চালককে ধীরে গাড়ি চালানোর জন্য বলা হয়েছিল।
তার ভাষ্য, হঠাৎ সিএনজিটি সামনে চলে আসায় চালক জোরে ব্রেক করেও সংঘর্ষ এড়াতে পারেননি। দুর্ঘটনায় বাসের যাত্রীরা বড় ধরনের আহত না হলেও আতঙ্কে দুই ছাত্রী অচেতন হয়ে পড়েন।
সাতগাঁও হাইওয়ে থানার এসআই মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের হাসপাতালে পাঠানো হয়। বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিএনজির তিন যাত্রীই হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

