আবারো সাতছড়ির গহিন জঙ্গলে মিলল অস্ত্র ও গোলাবারুদ

আবারো সাতছড়ির গহিন জঙ্গলে মিলল অস্ত্র ও গোলাবারুদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানের গহিন জঙ্গলে মাটির নিচ থেকে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৯৭৮ থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি ঘন জঙ্গল এলাকায় লুকিয়ে রাখা এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবির ধারণা, ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা উক্ত অস্ত্র ও গোলাবারুদ দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাতছড়ি জঙ্গল থেকে ১৪ বার অস্ত্র উদ্ধার হয়েছে। সে সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলেও এখন পর্যন্ত একটি মামলারও কুল-কিনারা হয়নি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন