বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, গত সাড়ে পনেরো বছরে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ হারিয়ে গেছে, একসময় যে বড় রাজনৈতিক দল ছিল—আজ তারা কোথায় আছে, তা খুঁজে পাওয়া যায় না।
গতকাল রাতে লন্ডনে ওল্ডহামে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন ওল্ডহাম বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান কাইয়ুম। ওল্ড হাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মো. রায়হানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্ঠা অধ্যাপক জাকি মোস্তফা টুটুল, ওল্ডহাম বিএনপি নেতা প্রভাষক মহসিন চৌধুরী, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাজুল জামান, যুক্ত রাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন রুবেল, সাবেক সহ প্রচার সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ।
সভায় ওল্ডহাম, ম্যানচেস্টার, রসডেল বিএনপি যুবদলে ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
নাসের রহমান অভিযোগ করেন, মৌলভীবাজারে গত দেড় দশকে তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের সময় আমি যে সমস্ত রাস্তাঘাট করে গিয়েছিলাম, সেগুলোর বেশিরভাগই এখনো আগের অবস্থায় পড়ে আছে। গ্রাম গঞ্জের সড়কে বড় বড় গর্তের সৃস্টি হয়েছে সেজন্য মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, তারা মৌলভীবাজারে ছিল চার খলিফা—একজন এমপি, একজন পৌরসভা চেয়ারম্যান, একজন জেলা পরিষদ চেয়ারম্যান, এবং একজন উপজেলা চেয়ারম্যান। এরা সবাই রাতের ও ভুয়া ভোটে নির্বাচিত হয়ে চারটি পদ দখল করে লুটপাটে ব্যস্ত ছিল। সারাদেশের আওয়ামী লীগের মতো তারাও লুটপাট করেছে, কিন্তু এ জেলার উন্নয়ন কিছুই হয়নি। এখন চারজনই নেই—লুটপাটে তাদের পকেট বড় হয়েছে, কিন্তু এলাকার অবস্থা বদলায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

