পাহাড়, স্বচ্ছ পানি ও পাথরের মিতালি, ছুটিতে সাদাপাথরে পর্যটকের ঢল

পাহাড়, স্বচ্ছ পানি ও পাথরের মিতালি, ছুটিতে সাদাপাথরে পর্যটকের ঢল

পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ পানির ধারা আর ধবধবে সাদা পাথরের মিতালি দেখতে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটন কেন্দ্রে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শারদীয় দুর্গাপূজার লম্বা ছুটিকে কেন্দ্র করে দেশ-বিদেশের হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সীমান্তঘেরা এই দৃষ্টিনন্দন এলাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ, পূজা কিংবা যেকোনো লম্বা ছুটিতে সাদাপাথরে পর্যটকদের সমাগম কয়েকগুণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকেই এখানে পর্যটকদের ঢল নেমেছে। সাধারণ সময়ে যেখানে দৈনিক গড়ে পাঁচ হাজার পর্যটকের সমাগম হতো, সেখানে পূজার ছুটিতে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজারে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব বয়সি মানুষ সাদাপাথরের হিমশীতল পানিতে গা ভিজিয়ে ভ্রমণের ক্লান্তি দূর করছেন। কেউ কেউ ধলাই নদীর তীরে বিছানো চেয়ারে বসে উপভোগ করছেন ওপারে ভারতীয় পাহাড়ের মেঘ-রোদ্দুরের খেলা। আবার অনেকেই এই চমৎকার মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখছেন স্মৃতির অ্যালবামে। পর্যটকদের এই বিপুল সমাগমকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি। সাদাপাথর এলাকার খাবারের হোটেল, প্রসাধনসামগ্রীর দোকান, কাপড় রাখার লকার ও বসার চেয়ারের ব্যবসা থেকে শুরু করে ঝালমুড়ি-ফুচকা বিক্রেতা—সবাই এখন ব্যস্ত সময় পার করছেন। কেনাবেচা ভালো হওয়ায় বিক্রেতাদের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি পর্যটকরাও তাদের প্রয়োজনীয় সেবা ও পণ্য পেয়ে আনন্দিত।

ঢাকা থেকে সপরিবারে আসা পর্যটক সুমাইয়া আরেফিন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘পরিবারের ছয় সদস্য মিলে সাদাপাথরে ঘুরতে এসেছি। এখানকার রূপ আমাদের মুগ্ধ করেছে। বিশেষ করে পাহাড়ের কোলঘেঁষা কাচের মতো স্বচ্ছ পানিতে পাথরের ওপর বসে সময় কাটানো জীবনের অন্যতম সেরা মুহূর্ত। পানিতে নামতেই ভ্রমণের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেছে।’ সাদাপাথর ট্যুরিস্ট পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম গাজী জানান, পর্যটকদের নিরাপত্তা ও সহায়তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। সাদাপাথর নৌকা ঘাটের বুথ থেকে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য ও সেবা দেওয়া হচ্ছে। এছাড়া পূজার ছুটি উপলক্ষে পুরো পর্যটন এলাকায় নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন