প্রকৃতির কন্যা জাফলং ইসিএ (ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া) পরিদর্শনে এসে স্থানীয়দের রোষানলে পড়েছেন দুই উপদেষ্টা।
তারা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
স্থানীয়রা জানান, শনিবার সকালে জাফলং পরিদর্শনে যান দুই উপদেষ্টা। ফেরার পথে জাফলং বল্লাঘাট (মামার দোকান) এলাকায় স্থানীয়দের রোষানলে পড়েন উপদেষ্টারা।
স্থানীয়রা তাদের গাড়িবহর ঘিরে সড়ক অবরোধ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের শান্ত করেন। পরে দুই উপদেষ্টার গাড়ি চলাচলের পথ উন্মুক্ত করে দেন তারা।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সাদত হোসেন জানান, পরিদর্শনকালে উপদেষ্টা পরিবেশ ঠিক রেখে পাথর উত্তোলনের ওপর জোর দেন। এতে ফেরার পথে তাদের গাড়িবহর স্থানীয়দের রোষানলে পড়ে। পুলিশ কিছুক্ষণের মধ্যে শান্ত করে।
শনিবার (১৪ জুন) সকাল ১১টায় জাফলং বল্লাঘাট পিকনিক সেন্টার থেকে স্পিডবোটযোগে উপদেষ্টাদ্বয় জাফলং পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শন শেষে জাফলং বল্লাঘাট পিকনিক সেন্টার মাঠে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতে এরকম অবৈধ কার্যক্রমের সাথে কেউ জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

