তাহিরপুরে নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

তাহিরপুরে নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরসংলগ্ন শ্রীপুর বাজারের পাশে পাটলাই নদীতে চলন্ত পর্যটকবাহী নৌকা থেকে পড়ে তামিম (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিখোঁজ তামিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ধর্মপাশা থেকে ত্রিশ জন যাত্রী নিয়ে পর্যটকবাহী ‘মা- বাবার দোয়া’ নামক নৌকাটি ট্যাকের ঘাটের নীলাদ্রি লেক এলাকায় অবস্থান করে রাত যাপন করেন।

শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে শ্রীপুর বাজারসংলগ্ন পাটলাই নদীতে চলন্ত নৌকা থেকে হঠাৎ নদীতে পড়ে যায় তামিম। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘একই এলাকায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে পানিতে ডোবার দুটি ঘটনা ঘটেছে। শনিবার সকালে এই কিশোর নিখোঁজ হয়। এর আগে শুক্রবার বিকেলে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে এক শিশু নিখোঁজ হয়েছিল। পরে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, টাঙ্গুয়ার হাওর এলাকাটি দূরবর্তী হওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত পৌঁছাতে পারে না। অনেক সময় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ ভেসে ওঠে।

নিখোঁজ কিশোরকে উদ্ধারে স্থানীয় লোকজন ও নৌপুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...