আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাহগলী-কোদালী খাল শুকিয়ে যাওয়ায় বিপন্ন কৃষি ও পরিবেশ

এখলাছুর রহমান, জকিগঞ্জ (সিলেট)

শাহগলী-কোদালী খাল শুকিয়ে যাওয়ায় বিপন্ন কৃষি ও পরিবেশ

জকিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ জলাধার শাহগলী খাল বর্তমানে সম্পূর্ণ শুকিয়ে বিরান অবস্থায় পরিণত হয়েছে। শাহগলী বাজার এলাকা থেকে শুরু হয়ে খালটি কোদালী খালের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে উভয় খালেই পানিরপ্রবাহ নেই। দীর্ঘদিন ধরে খাল খনন ও নিয়মিত সংস্কারের অভাব, প্রাকৃতিক জলপ্রবাহে প্রতিবন্ধকতা এবং দখলের কারণে খালটি ধীরে ধীরে তার স্বাভাবিক রূপ হারিয়েছে। একসময় এ খাল দিয়ে বর্ষা মৌসুমে পানি প্রবাহিত হয়ে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হতো। অতিরিক্ত পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।

উপজেলার বারহাল ইউনিয়নের অন্যতম এ খাল শুকিয়ে যাওয়ায় এলাকায় সেচের পানির সংকটে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক জমিতে সময়মতো চাষাবাদ সম্ভব হচ্ছে না। মাছ ও জলজ প্রাণীর আবাস ধ্বংস হয়ে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষা মৌসুমে পানি ধারণ ও নিষ্কাশন ক্ষমতা কমে যাওয়ায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়বে। পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট জনজীবনকে আরো দুর্বিষহ করে তুলছে।

বিজ্ঞাপন

স্থানীয় বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি। শাহগলী বাজার এলাকার এক কৃষক জানান, আগে খাল থেকেই সহজে সেচের পানি পাওয়া যেত, এখন খাল শুকিয়ে যাওয়ায় অতিরিক্ত খরচ করে বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে এবং কৃষকের আয় কমে যাচ্ছে। অনেকের মতে, খালগুলো পুনরুজ্জীবিত না হলে ভবিষ্যতে কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিলেটের এসও মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরা নাব্যতা হারানো সিলেটের সব খালের বিষয়ে তৎপর আছি। শিগগিরই কোনো সুখবর দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।’ উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। ’

ইউএনও মাসুদুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো কাজ আমার হাতে নেই। কোনো সুযোগ এলে কাজে লাগাব।’

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে কোদালী খালের পানিপ্রবাহ স্বাভাবিক করবে এবং কৃষি ও পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ নেবে।

এলাকাবাসী দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে খালগুলো দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন