আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

বিজ্ঞাপন

তল্লাশির সময় ট্রাকভর্তি পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। বিজিবি জানায়, পাচারের উদ্দেশ্যে এসব পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধার করা কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা। জব্দকৃত পণ্যসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে বিজিবি (৫৫) ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন অবৈধ কার্যক্রম দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাশাপাশি তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালান প্রতিরোধে সচেতন থাকার এবং বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন