সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ ও জনগণের অংশগ্রহণভিত্তিক। তারেক রহমান জনগণের শক্তিকে ভিত্তি করে ভবিষ্যৎ নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন—এবং দেশের মানুষ তার ওপর আস্থা রাখছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় ঐক্যবদ্ধ সিলেটবাসী সমর্থন জানাচ্ছে।
শনিবার বিকাল ৪টায় ফেঞ্চুগঞ্জ বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের সঙ্গে কোনো আপস নয়—এটাই বিএনপির সুস্পষ্ট অঙ্গীকার। ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই বিএনপি নির্বাচন চায়।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে দ্রুত সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে—এটাই জনআকাঙ্ক্ষা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি এনায়েত হোসেন রুহেলের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ্ ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির মাহবুব আলম, শাহীন আলম, আফতাব উদ্দিন ও আশরাফুল আলম বাহার। উপজেলা বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান টিপু, সাহেদ আহদম মেম্বার, সহ সাধারণ সম্পাদক সাজু আহমেদ খান, সহ সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

