১৮০০ গাছের বরাদ্দ, লাগানো ৯০০

এলজিইডির মিলনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

এলজিইডির মিলনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
জামালগঞ্জে এলজিইডির অফিস সহকারী মিলনের বিরুদ্ধে মানববন্ধন । ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে জামালগঞ্জ উপজেলা এলজিইডি অফিস সহকারী মো. মোফাজ্জল হোসেন মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ গেটের সামনে প্রধান সড়কে ‘‘আমরা দুর্নীতিবাজ মিলনের দ্রুত অপসারণ ও শাস্তি দাবি করি’’ এই স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাসান আল মাসুম, সোহেল আহমদ, তোফায়েল আহমেদ, মো. মোবারক হুসেন, সাব্বির রহমান আরিফ, জামিন অহমদ ও শাহিন মিয়া।

বক্তারা বলেন, এলজিইডির অফিস সহকারী মোফাজ্জল হোসেন মিলন দীর্ঘ ১৬ বছর ধরে জামালগঞ্জে কর্মরত আছেন। এই দীর্ঘ সময় জামালগঞ্জে কর্মরত থাকায় এলজিইডি অফিসে তিনি দুর্নীতির সিন্ডিকেট তৈরি করেছেন। তিনি কোটেশনের মাধ্যমে বিভিন্ন লাইসেন্স দিয়ে কাজ নিয়ে নিয়মনীতি তোয়াক্কা না করে বছরের পর বছর দুর্নীতি করে চলেছেেন। অফিস সহকারী হয়েও জামালগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ উন্নয়ন কাজে প্রভাব কাটিয়ে দুর্নীতি করে চলেছেন। তার প্রভাবে উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাগণ কেউ কিছু বলেন না।

বৃক্ষরোপণ নিয়ে বক্তারা বলেন, জামালগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ১৮০০ গাছ লাগানোর অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের জানামতে গাছ লাগানো হয়েছে প্রায় ৯০০টি। বরাদ্দের অর্ধেক গাছ এখনো লাগানো হয়নি। তদারকির অবহেলায় রাস্তায় লাগানো অধিকাংশ গাছই মরে গেছে। অথচ প্রতিটি গাছ লাগানোর জন্য সরকার বরাদ্দ দিয়েছে ৫৩৩ টাকা। তদারকির দায়িত্বে থাকা মিলন নামমাত্র টাকা খরচ করেছেন।

বক্তারা আরও বলেন, এডিপির বৃক্ষরোপণ প্রকল্পেও দুর্নীতি করা হয়েছে। আমরা জামালগঞ্জের সচেতন নাগরিকরা এর সুষ্ঠু তদন্ত চাই। এই দুর্নীতিবাজ অফিস সহকারী মিলনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জামালগঞ্জ এলজিইডি থেকে তাকে প্রত্যাহার করতে হবে। আর যদি তাকে প্রত্যাহার না করা হয় আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, আমি এখন অফিসের বাহিরে আছি, একথা বলে ফোন কেটে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন