সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন

সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন

সুনামগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক কৃষক।

বিজ্ঞাপন

হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদ উলাহ সরকারের সভাপতিত্বে ও হাওর বাঁচাও আন্দোলন নেতা রাজু আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, শহীদ নূর আহমেদসহ বিভিন্ন উপজেলার কৃষক ও হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হাওরে বাঁধের কাজে দলীয়করণ করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ পিআইসি ভাগাভাগি করে নিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে। পাউবো বাঁধের কাজ ৮৬ ভাগ শেষ হওয়ার কথা বললেও বাস্তবে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।

২০১৭ সালের ফসলডুবির কথা মনে করিয়ে বক্তারা বলেন, অনেক ঠিকাদার জেল খেটেছেন। পাউবোর কর্মকর্তা জেল খেটেছেন। এবার ফসলডুবি হলে সেই পরিণতি আপনাদেরও ভোগ করতে হতে পারে।

অনিয়ম নিয়ে বক্তারা বলেন, বাঁধে দুরমুজ দেওয়া হয় না। ঘাষ নেই। অক্ষত বাঁধে অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে। লুটপাট করতে এমন বাজেট করা হয়েছে। বাঁধের মাটি বাঁধে ফেলা হচ্ছে। ২৮ তারিখের পর হাওরের বাঁধ ভেঙে গেলে পাউবো অফিস ঘেরাও করা হবে। ফসলডুবির ঘটনা ঘটলে উপজেলায় উপজেলায় পাউবো ও প্রশাসনের বিরুদ্ধে মামলা হবে। শুধু ফসলডুবি নয় হাওরের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধেও মামলার হুমকি দেন বক্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন