চুরি করতে গিয়ে প্রাণ গেলো যুবকের

চুরি করতে গিয়ে প্রাণ গেলো যুবকের

সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি গ্রামে চুরি করতে গিয়ে গৃহস্থের দায়ের কোপে সাইমুম হাসান রনি (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ওই যুবকের লাশ শনিবার সকালে সাহাব উদ্দিনের বাড়ির উঠোন থেকে উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

নিহত সাইমুম হাসান রনি সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গুদারগাঁও গ্রামের মৃত সমুজ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) গভীর রাতে চুরির উদ্দেশ্যে পূর্ব মাইজবাড়ি গ্রামের ইকবাল হোসেনের বসতঘরের দেশীয় অস্ত্র দিয়ে ঢেউটিনের বেড়া কেটে প্রবেশের চেষ্টা করে সাইমুম হাসান রনি। টিনের বেড়া কাঁটার শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে গেলে ঘরের মালিক ইকবাল হোসেন দেখতে পান কেউ সিঁদ কেটে তার ঘরে ঢুকতে চাচ্ছে। ঘরে ঢুকার জন্য প্রথমে ওই তরুণ বাম হাত ডুকালে ওই হাতে ধারালো দা দিয়ে কোপ দেন ইকবাল হোসেন। এই অবস্থায় পালিয়ে যান রনি। তবে অতিরিক্ত রক্তক্ষরণে গ্রামের সাহাব উদ্দিনের উঠোনে যাবার পর তার মৃত্যু হয়। সেখানেই রক্তাক্ত লাশ পড়ে থাকে। সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ব্যাপারে আইনি ব্যবস্থার বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় ইকবাল হোসেনকে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন