শিশু সুমাইয়া মা-বাবার সঙ্গে ঢাকায় থাকেন। পরিবারের সঙ্গে ঈদ করতে এসেছিল শান্তিগঞ্জ উপজেলার নোয়গাঁও গ্রামে। কিন্তু ঈদের আগেই ঘাতক বাস কেড়ে নেয় তার প্রাণ। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় নূর পরিবহনের একটি বাসের চাপায় সুমাইয়া (৮) নিহত হয়।
শনিবার (২৯ মার্চ) সকাল ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টায় সপরিবারে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সঙ্গে ঢাকা থেকে গ্রামে আসে সুমাইয়া। পরে আহসানমারা ব্রিজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পার হওয়ার সময় নূর পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১১৬৯৮) একটি বাসের চাপায় সড়কেই প্রাণ যায় তার। তবে এ দুর্ঘটনায় তার মা-বাবার কোনো ক্ষতি হয়নি। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার এসআই নাজমুল ইসলাম বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে এসে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। পরে সবার সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাসটি আটক আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

