সুনামগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সার্কিট হাউসের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পলাশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি চলাকালীন সার্কিট হাউস এলাকায় হঠাৎ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী এক হয়ে মিছিল বের করেন এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।
এদিকে ঘটনার পরপরই মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ১৫-২০ জন যুবককে বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের বিষয়টি দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।’
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

