সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান না হলে হয়তো আমরা কবরে অথবা জেলে থাকতাম। শহীদদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।
গতকাল মঙ্গলবার সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে)।
দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক ও এসএমইউজের সিনিয়র সদস্য এনামুল হক জুবেরের সভাপতিত্বে এবং এসএমইউজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও আমার দেশ-এর ব্যুরো চিফ খালেদ আহমদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইকবাল বলেন, প্রায় দেড় হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন আর গুলিতে। এসব শহীদের মধ্যে ছাত্র, শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, শিশু ও নারী রয়েছে। তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। এমন আত্মত্যাগের ঘটনা বিরল। দেশপ্রেমিক যেসব বিপ্লবী জীবন দিয়েছেন, তারাই প্রকৃত যোদ্ধা। আমরা যেন তাদের কথা ভুলে না যাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনÑসিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, বৈষম্যবিরোধী শিক্ষক জোটের আহ্বায়ক অধ্যাপক ফরিদ আহমদ, সিলেট আইন কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র টিবিএন ২৪ চ্যানেলের বিশেষ প্রতিনিধি ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু।
বক্তব্য দেনÑসিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, এসএমইউজের সহসভাপতি আবদুল কাদের তাপাদার, প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি নাজমুল কবির পাবেল, দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ কবির আহমদ, কৃষিবিদ জামিল আহমদ, ব্যাংকার রাজু আহমদ, সাংবাদিক এমএ মতিন, ফয়সল আলম প্রমুখ। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

