সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সিঁড়ি (বোর্ডিং ব্রিজ) মেরামতের সময় চাকা ফেটে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুমান মিয়া। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, দুপুরে সিঁড়ি মেরামতের সময় চাকা ফেটে বিমানবন্দর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মী গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওসমানীতে আইসিউ না পাওয়ায় পার্শ্ববর্তী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রুমান মিয়া (২৮) নামে এক টেকনেশিয়ান মারা যান। তিনি সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানার লুছাই গ্রামের মছর মিয়ার ছেলে।
আহত অপরজনের নাম এনামুল হক (২৪)। তিনি সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানার আইয়ুব আলীর ছেলে। আহত এনামুল বর্তমানে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, এটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠানের কর্মীরা চাকা মেরামতের সময় চাকা ফেটে আহত হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমান নামে এক কর্মী মারা যান। তবে এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুর্ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

