সিলেট বোর্ডে উদ্বেগজনকভাবে কমেছে এইচএসসি পরীক্ষার্থী

সিলেট বোর্ডে উদ্বেগজনকভাবে কমেছে এইচএসসি পরীক্ষার্থী

সারা দেশের ন্যায় আগামী ২৬ জুন সিলেটেও শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গতবারের তুলনায় সিলেট শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থীর ধস নেমেছে। যা খুবই উদ্‌বেগজনক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা।

এক বছরের ব্যবধানে সংখ্যায় কমেছে প্রায় সাড়ে ১৩ হাজার পরীক্ষার্থীর, তবে, বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্র সংখ্যা।

বিজ্ঞাপন

জানা গেছে, এবার (২০২৫ ইং) সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ৬৯ হাজার ৬৮৩ জন। গত বছর এই সংখ্যা ছিল ৮৩ হাজার ১৬৫ জন। এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১৩ হাজার ৪৮২ জন। এর আগের বছর (২০২৩ সালে) সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৩ হাজার ১২৩ জন।

এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ২৭ হাজার ৮৬৮ জন এবং মেয়ে সংখ্যা ৪১ হাজার ৮১৫ জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বছরের ব্যবধানে বিপুলসংখ্যক এইচএসসি পরীক্ষার্থী কমে যাওয়াকে বিপুলসংখ্যক হিসেবে দেখছেন শিক্ষাবিদগণ। এতে করে শিক্ষার গুণগতমান ও সিলেট শিক্ষা বোর্ডে পাশের হারে প্রভাব পড়বে বলে মনে করেন তারা।

বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি বলেন, এক বছরের ব্যবধানে প্রায় সাড়ে ১৩ হাজারের বেশী পরীক্ষার্থী কমে যাওয়া সিলেটবাসীর জন্য উদ্‌বেগজনক। এ ব্যাপারে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ও কলেজসমূহকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

নতুবা শিক্ষার মান ও বোর্ডের ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মো. কবির আহমদ বলেন, এক বছরের ব্যবধানে এইচএসসিতে এত বেশী পরিমাণ পরীক্ষার্থী কমে যাওয়া উদ্‌বেগের বিষয়।

তিনি বলেন, এর মূল কারণ চিহ্নিত করা প্রয়োজন। তিনি মনে করেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল সচেতন হলে এই পরিস্থিতির

উত্তরণ সম্ভব। তবে, এ প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, কলেজগুলোতে পর্যাপ্তসংখ্যক এইচএসসি শিক্ষার্থী না থাকায় পরীক্ষার্থী সংখ্যা কমেছে। এছাড়া, সিলেট অঞ্চলের ছাত্রদের বিদেশযাত্রায় অতি আগ্রহ, গত বছরে পাশের হার বেশী হওয়ায় পরীক্ষার্থী সংখ্যা হ্রাস পেয়েছে বলে জানান তিনি। এতে করে পাশের হার ও শিক্ষার গুণগত মানে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি মন্তব্য করেন।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, এইচএসসিতে এবার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা ১২ হজার ৯৬৮ জন, মানবিক বিভাগে ৪৭ হাজার ৫৪২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ হাজার ১৭১ জন শিক্ষার্থী রয়েছে। এবার ৩২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

জেলাওয়ারি পরীক্ষার্থীর মধ্যে সিলেটে রয়েছে ৩১ হাজার ৫১ জন, মৌলভীবাজারে ১৪ হাজার ১৪৯ জন, সুনামগঞ্জে ১২ হাজার ৭ শ'জন এবং হবিগঞ্জে ১১ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী রয়েছে।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষায় গত বছর চমক দেখিয়েছে সিলেট শিক্ষাবোর্ড। এ বোর্ডের অধীনে ৮৩ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭১ হাজার ১২ জন। পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন