নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, অতি আনন্দে থাকার কোনো যৌক্তিকতা নেই যে, মাঠে এখন আর ফ্যাসিস্ট নেই। তাই নাকে তেল দিয়ে ঘুমাই। এভাবে হলে চলবে না। আওয়ামী দোসরদের প্রতিরোধ করতে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে।
বুধবার বিকেলে মৌলভীবাজারের রাজনগর কলেজ মাঠে সদর ইউনিয়ন বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এম নাসের বলেন, আওয়ামী লীগের টাকার কোনো অভাব নেই। দেশের জনগণের সম্পদ-ব্যাংক লুট করা টাকা দিয়েই অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। এজন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া প্রয়োজন। কেননা দলীয় সরকারই এসব সামাল দিতে পারবে।
তিনি বলেন, ভারতের মদদে আগামী কয়েক মাসে বহু অঘটন ঘটতে পারে। এই রমজান মাসেও কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। হঠাৎ আগুন লাগা ভালো লক্ষণ নয়। এসব পরিকল্পিত ঘটনা। দেশকে অস্থিতিশীল করতে এ ধরনের কাজ করছেন আওয়ামী দোসররা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারছে না। আসলে এ সরকারের কোনো দাঁত নেই। এজন্যই এমন পরিস্থিতি।
রাজনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান ও মুজিবুর রহমান মজনু।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

