এবার নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট প্রস্তাবিত বাজেট ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত বাজেটে নাগরিক সেবা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেট এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মহসিন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পৌর সচিব মাহবুবুল আলম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ অন্যান্য কর্মকর্তা।
বাজেট অধিবেশন সঞ্চালনা করেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, পৌর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামীম আহমেদসহ বিভিন্ন ইলেকট্রনিকস প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় নাগরিকবৃন্দ।
পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, শ্রীমঙ্গলে স্যানিটেশনের দিক দিয়ে বেশিরভাগ জায়গা এখনো রেড জোনে আছে। আমরা সে জায়গায় কাজ করত চাচ্ছি। এছাড়াও শহরের জলাবদ্ধতা দূরীকরণে উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি বাজেট বিধিমালা ১৯৯৫ অনুযায়ী এই খাতগুলো নির্ধারণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

