হামের উপসর্গে সিলেটে আরো দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে সিলেটে আরো দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু ইয়াসিনের বয়স ৭ মাস, তার বাড়ি গোওয়াইনঘাট উপজেলায় ও সুনামগঞ্জের মো. সাইফানের বয়স ৫ মাস, দুই শিশুরই সিলট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১১৯ জন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

নতুন দুই মৃত্যুর ফলে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। মৃতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক; বাকি ১৩২ জনই শিশু।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে সিলেট জেলার ৪৮ জন, সুনামগঞ্জের ৫৫ জন, মৌলভীবাজারের ১৩ জন এবং হবিগঞ্জের ১৭ জন রয়েছেন।

এদিকে, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই টিকা গ্রহণ করেনি। অসচেতনতা ও কুসংস্কারের কারণে অনেকেই সময়মতো টিকার আওতায় আসেননি বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।

এ ছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা ও সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে না পারায় এসব এলাকায় আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং সচেতনতার ঘাটতিও পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বা ‘লগ ফেজ’ ইতোমধ্যে অতিক্রম করেছে। তবে বর্তমানে রোগটির উপসর্গ ও প্রকৃতিতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সতর্কতা বজায় রাখা প্রয়োজন।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় চিকিৎসাসেবা জোরদারের পাশাপাশি টিকাদান এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন