সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সব নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি উজানের ঢলে সুরমা, যাদুকাটা, পাঠলাই, বৌলাই নদীর পানি বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৪৭ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে হঠাৎ পানি বাড়ায় তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভাঙনকবলিত এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, গত ২৪ ঘণ্টায় এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার বেড়ে ৭.২০ মিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে। ছাতক পয়েন্টে ৪৪ সেন্টিমিটার বেড়ে ৮.১৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। লাউড়েরগড় পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এভাবে নদ-নদীর পানি বাড়ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

