হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি ভোগ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুর মিয়া (২৩) ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে ও নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। তাদের মধ্যে হাতপাতালে চিকিৎসাধীন রয়েছেন মনিরুজ্জামানের ছেলে সাফি মিয়া (৩২), আনোয়ার মিয়ার ছেলে মুজিবুর রহমান (৩২), রমিজ উল্লার ছেলে শামিম মিয়া (৫০), নিহতের ভাই মামুন মিয়া (৩১), আব্দুল্লাহ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৮), রুহেল মিয়া (৩৮), ইমন মিয়া(১৭), কাউছার মিয়া (২২), জুয়েল আহমেদ (৩২), মামুন মিয়া (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সরকারি জমিতে ঘরবাড়ি তৈরি করে ভোগ দখলে রয়েছেন। একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলাল মিয়া ও বাবরু মিয়ার ছেলে মনিরুজ্জামানগংরা উক্ত তাদের দখলে নেয়ার চেষ্টা করলে এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে রোববার সকালে হেলাল ও মনিরুজ্জানানের নেতৃত্বে একদল লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত জমি জবর দখলের চেষ্টা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের আঘাতে মঞ্জুর মিয়াসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ মর্গে প্রেরণ করেছে।
নিহতের বাবা খলিলুর রহমান বলেন, প্রায় ৫০ বছর ধরে ওই জমিতে তারা বসবাস করে আসছেন। হেলাল ও মনিরুজ্জামান গংরা ওই জমি থেকে তাদের উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সকালে ভাড়াটিয়া লোকজন নিয়ে হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোকজন অস্ত্রশস্ত্র জমি দখল করতে আসলে বাধা দেই। এতে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তারা আমাদের বাড়িঘরে হামলা করে আমার কলেজ পড়ুয়া ছেলেকে হত্যা করেছে।
এ ব্যাপারে ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেছেন, সরকারি ভোগ দখল নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে সকালে সংঘর্ষ হলে বেশ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে নিয়ে আসলে মঞ্জুর মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।
এডি/জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

