সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার (১ মার্চ) জগন্নাথপুর উপজেলার শাহপরান মডেল হাই স্কুল ও মোশাররফ আলী ফ্রি- ক্যাডেট স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতশত স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জামাল উদ্দিন’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রিংকু দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক জহিরুল ইসলাম, শিক্ষক নেতা নোমান আহমেদ সাদি, সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব আলী তুহিন, অমিত দাস, হিফজুর রহমান, মোস্তাক আহমেদ, হাফিজ মোস্তাক আহমেদ, মাহমুদ আল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শাহপরান স্কুল ও ফ্রি-ক্যাডেট স্কুলের সামনে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবস্থিত। প্রতিদিন শত শত ছোট বড় গাড়ি এই সড়কে চলাচল করছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবন ঝুঁকি নিয়ে এই সড়কপথে আসা-যাওয়া করে। সড়কপথে গতকাল নাদামপুর গ্রামের এক যুবক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা এখন জীবন ঝুঁকির আতঙ্কে আছে। অনতিবিলম্বে শাহপরান মডেল হাই স্কুল ও মোশাররফ আলী ফ্রি- ক্যাডেট স্কুল এর সামনে উভয় পাশে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

