সিলেটের কোম্পানীগঞ্জে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্ত নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার টুকের বাজারে ‘ছাত্র-জনতার ব্যানারে’ সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এর আগে বুধবার রাতে উপজেলার টুকের বাজারে হঠাৎ মিছিল করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে টুকের বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধরা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। রাস্তা অবরোধ করার ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের দাবি মানার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেন।
এসময় বক্তব্য দেন সিদ্দিক আবুল আলা, আদনান সোহাগ, শাকিল ইসলাম, রুহান আহমদ, জাকির হোসেন, তোফায়েল আহমদ, সাজাদ্দুর রহমান ও ওমর ফারুক হামিম প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের ১০ মাস পেরিয়ে গেলেও এখনো ডেভিলরা বাইরে ঘোরাফেরা করছেন। তাঁরা জুলাই আন্দোলনের নেতাদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন।
গতকাল রাতে তারা মিছিলও করেছেন। এর দায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের। পুলিশ ডেভিলদের গ্রেপ্তার করছে না, যার কারণে তাঁরা এত সাহস পাচ্ছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি ডেভিলদের গ্রেপ্তার না করা হয়,তাহলে থানা ঘেরাও করা হবে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, তারা সড়ক অবরোধ করলে আমরা গিয়ে তাদের বোঝালে তারা অবরোধ তুলে নেন। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রাখছি। আর আওয়ামী লীগ কবে মিছিল করেছে, তা শুনিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

