দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণে সিলেটের ওসমানীনগর উপজেলায় গোয়ালাবাজার ও তাজপুরকে সমন্বয় করে ‘ওসমানীনগর’ নামে একটি পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপির সহযোগিতা চেয়ে একটি আধা-সরকারি পত্র দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে পাঠানো ওই পত্রে পৌরসভা প্রতিষ্ঠার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সহযোগিতা কামনা করা হয়।
পত্রে হুমায়ুন কবির উল্লেখ করেন, ওসমানীনগর উপজেলার প্রধান দুটি বাণিজ্যকেন্দ্র গোয়ালাবাজার ও তাজপুর দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন এ দুটি এলাকায় ইতোমধ্যে বাজার, বিপণিবিতান, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ শহরায়নের প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠেছে। প্রতিদিন ওসমানীনগরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ নাগরিক প্রয়োজন মেটাতে এসব এলাকায় আসেন।
এর আগে গত ১৫ মে ‘ সাবেক এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছে ওসমানীনগরবাসীর ৬ দফা দাবি’ শিরোনামে ‘আমার দেশ’ অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ওসমানীনগরকে পৌরসভায় উন্নীত করার দাবিসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছিল। সংবাদ প্রকাশের প্রায় সাড়ে তিন মাসের ব্যবধানে ওসমানীনগরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের ছবি এবং মন্ত্রণালয়ে পাঠানো চিঠির ছবি পোস্ট করে অনেকেই তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, পৌরসভা ছিল আমাদের প্রাণের দাবি। একই আসনের বিশ্বনাথ পৌরসভা পেলেও ওসমানীনগর এতদিন বঞ্চিত ছিল। সেই বঞ্চনার অবসান হতে যাচ্ছে।
উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. গয়াস মিয়া বলেন, ওসমানীনগরকে পৌরসভায় উন্নীত করা দীর্ঘদিনের দাবি। গোয়ালাবাজার ও তাজপুরকে সমন্বয় করে পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হলে এটি হবে ওসমানীনগরবাসীর জন্য একটি বড় অর্জন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী বলেন,ওসমানীনগর পৌরসভায় বাস্তবায়িত হলে পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবার মান বাড়বে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

