হঠাৎ দেখলে মনে হবে ইউনিয়ন বা জাতীয় নির্বাচন। কিন্তু না, এটি একটি ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচনের ভোট। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়ন পশ্চিম শাখায় সভাপতি পদে এভাবেই ভোট দেন নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছর পর ব্যালটের মাধ্যমে ভোট দিতে পেরে খুশি অনেকেই।
সোমবার বিকেল সাড়ে ৫টায় বালিকান্দি খেয়াঘাট মাঠে এ ভোটগ্রহণ হয়। এর আগে, ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়।
সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০৪ ভোটারের মধ্যে ১৮১ জন নিজেদের পছন্দের নেতাকে ভোট দেন। এতে ১০১ ভোট পেয়ে সভাপতি হন আজমল আমিন তরফদার। তার প্রতিদ্বন্দ্বী শেরওয়ান আহমেদ পেয়েছেন ৭৯ ভোট। আর সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিল্লুল বক্স নির্বাচিত হন।
ভোটাররা বলেন, আগে নেতারাই তো নির্বাচন করে দিতেন। কিন্তু এবার আমাদের নেতা আমরাই ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন সিদ্ধান্তে আমরা বেশ খুশি। আমরা মনে করি দলে গণতন্ত্রের জয় হয়েছে।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম ও মুজিবুর রহমান মজনু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

