আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেটের জৈন্তাপুরে উপজেলা জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়।
দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ আলীর নাম ঘোষণা করেন।
আজকের কর্মী সম্মেলনে মাওলানা কবীর আহমদ ও মাওলানা মুহিব্বুল্লাহর পরিচালনায় বক্তারা বলেন, সিলেট-৪ দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই অঞ্চলের পাহাড়, নদী, টিলা ও খনিজ সম্পদের অপব্যবহার এবং লুটপাট বন্ধ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। অ্যাডভোকেট মোহাম্মদ আলী সেই নেতৃত্ব দিতে সক্ষম।
জমিয়তপ্রার্থী হিসেবে ঘোষণা পাওয়া অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, আমি এমপি হতে নয়, মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি। এই জনপদের সন্তান হিসেবে আমার দায়িত্ব, বালু-পাথরের রাজনীতির অবসান ঘটিয়ে মানবিক ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা।
তিনি আরও জানান, নির্বাচিত হলে ‘জনসম্পদ রক্ষা ট্রাস্ট’ গঠন, অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধ এবং শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ খাতে কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করে যাবেন।এ ছাড়া পরিবেশবান্ধব পর্যটন খাতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দেওয়ার জন্যও কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, অ্যাডভোকেট মোহাম্মদ আলী এর আগেও দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।
১৯৯৬ সালের উপ-নির্বাচনে তিনি সিলেট-৪ আসনে জমিয়তের খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ২০০১ সালের জাতীয় নির্বাচনে একই আসনে আবার প্রার্থী হন। সে সময়ও তিনি খেজুর গাছ প্রতীকেই নির্বাচন করেন। দুইবারই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে এলাকাবাসীর দৃষ্টি কাড়েন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রাহমান কোম্পানিগঞ্জী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক, মুফতী নাসির উদ্দীন খান, সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমাদ কাসেমী, জেলা উত্তর জমিয়তের সেক্রেটারি মুফতী এবাদুর রাহমান, জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুল জাব্বার সাহেব ও মাওলানা জয়নুল আবেদীন, হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ হেলাল সাহেব দা:বা ও শায়খুল হাদীস আব্দুল কাদির বাগেরখালী হাফি: সহ অন্যান্য নেতৃস্থানীয় উলামায়ে কেরাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

