বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ‘স্টিচ এআই’। জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার পর এবার ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিকটা) অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পেয়েছে প্রকল্পটি।
চলতি মাসের ৩ অক্টোবর ব্র্যাক ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে স্টুডেন্ট (টারশিয়ারি-বিজনেস সার্ভিসেস) ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে ‘স্টিচ এআই’। পোশাকের মাপ ও ফিটিংসংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে কেনা পণ্য ফেরত দেওয়ার হার কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পটির উদ্ভাবকেরা।
উদ্ভাবক দলের সদস্যরা হলেন শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহমেদ ইশতিয়াক ও মোল্লা ওমর হামজা, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবিদ খান এবং লিডিং ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাবরিনা ইসলাম।
উদ্ভাবক দলের সদস্য আহমেদ ইশতিয়াক জানান, প্রকল্পটিতে শরীরের মাপ যাচাই, ত্রিমাত্রিক ভার্চ্যুয়াল ট্রায়াল এবং স্মার্ট সুপারিশব্যবস্থা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে পোশাক কেনার সময় ক্রেতারা নিজেদের জন্য উপযুক্ত মাপ বেছে নিতে পারবেন। এতে পোশাকের মাপসংক্রান্ত সমস্যা কমার পাশাপাশি পণ্য ফেরতের হারও কমবে বলে আশা করছেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইমদাদ উল বারী উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় উদ্ভাবক দলের সদস্যরা বলেন, জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে। এপিকটা অ্যাওয়ার্ডসেও ভালো ফল অর্জন করে দেশের জন্য সাফল্য বয়ে আনার প্রত্যাশা তাদের।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

