আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে । বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের মাহমুদুল হাসান হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে বিচারক আব্দুল মন্নান আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আঙ্গুর আলী মামলাটি পরিচালনা করেন ।

বিজ্ঞাপন

মামলার বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদলের সমর্থক বলে দাবি করেন। তবে মামলার বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আতাউর রহমান সেলিমসহ মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার একাধিক ব্যক্তিকেও এ মামলায় আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে ছাত্রজনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা গুলি চালায়। এ ঘটনায় তিনি নিজে এবং আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন ।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, তিনি বিষয়টি আগে জানতেন না। বিস্তারিত জেনে কথা বলবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...