হবিগঞ্জে ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বেলা ২টায় জেলা শহরে ব্লকেড কর্মসূচিতে এ ঘোষণা দেন হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মাহদি হাসান। পরে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম এসে তাদের আশ্বস্ত করেন যে, ছাত্রলীগ ও আওয়ামী লীগকে ধরা হবে। এ আশ্বাসে তারা ব্লকেড তুলে নেয়।
এদিকে ব্লকেডের ফলে গোটা শহর অচল হয়ে পড়ে। সকালে কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে পরে একটি মিছিল নিয়ে বের হয়ে সাইফুর রহমান টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
বক্তারা বলেন, সর্বোচ্চ ১৬ জন শহীদের জেলা হবিগঞ্জ। কিন্তু এখন পর্যন্ত কোন উপদেষ্টা শহীদ পরিবারের সাথে দেখা করেননি। শুধু তাই নয় হবিগঞ্জসহ সারাদেশে প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। অনতিবিলম্বে আওয়ামী লীগের দোসরদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনাসহ হবিগঞ্জে ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যতায় আবারো বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

