মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বুধবার বিকেলে সদর উপজেলার বাহারমর্দনে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে এ কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
কবর জিয়ারত করেন নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ ও সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ নেতৃবৃন্দ। এসময় ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় জিয়া পরিবার এবং দলের প্রয়াত নেতাদের জন্য। এতে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল ওয়ালী সিদ্দীকি, এম এ মুকিত, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদিক, যুগ্ম সম্পাদক শফিউর রহমান শফি, স্থানীয় নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ঘোষিত ১৯ দফা কর্মসূচিই আমাদের রাজনৈতিক ভিত্তি। এ দিকনির্দেশনা অনুসরণ করেই আমরা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছি।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে বলব—তারা যেন জিয়ার আদর্শ বুকে ধারণ করে দলের শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেন। ১৯ দফা শুধু একটি কর্মসূচি নয়, এটি হচ্ছে একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা, যা ভবিষ্যতের বাংলাদেশকে সঠিক পথে নিতে সহায়তা করবে।
নাসের রহমান বলেন, আমার পিতা এম সাইফুর রহমান শুধু বিএনপির নয়, এদেশের অর্থনৈতিক ইতিহাসের অংশ। তিনি ছিলেন নীতি, সততা ও দেশপ্রেমের প্রতীক। সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ তার কবর জিয়ারতের মাধ্যমে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত ইতিবাচক। আমি বিশ্বাস করি, তারা দলীয় ঐক্য ও আদর্শকে সামনে রেখে সংগঠনকে সুশৃঙ্খল ও কার্যকর করে তুলবে। সামনে কঠিন সময় আসছে—এই নেতৃত্ব সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, আজকের এই জিয়ারতের মাধ্যমে নবনির্বাচিত নেতাদের কার্যক্রম শুরু হলো। আমরা বিশ্বাস করি, তারা সাইফুর রহমানের নীতি ও পথ অনুসরণ করে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করবেন।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, প্রয়াত এম সাইফুর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের অর্থনীতির ভিত্তি নির্মাতাদের একজন। তার রাজনীতি, আদর্শ ও দেশপ্রেম আমাদের জন্য প্রেরণার উৎস। সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ তার কবর জিয়ারতের মাধ্যমে যে দায়িত্বশীল ও ইতিহাস সচেতন পথচলার সূচনা করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশাবাদী, তারা শৃঙ্খলা, ঐক্য ও আস্থার ভিত্তিতে সংগঠনকে তৃণমূলে আরও শক্তিশালী করবেন।
সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান মজনু বলেন, দলের দায়িত্ব পেয়েছি, এটা শুধু সম্মান নয়, বিশাল দায়িত্ব। আমরা শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সব ভেদাভেদ ভুলে সামনে এগোবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

