সিলেটের গ্রাম আদালতগুলো সক্রিয় করতে নির্দেশ

সিলেটের গ্রাম আদালতগুলো সক্রিয় করতে নির্দেশ

গ্রামীণ জনগণের মাঝে বিচারিক সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধির লক্ষে সিলেটের ৩৩৯ ইউনিয়নে গ্রাম আদালতগুলোকে আরও সক্রিয় করতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব একেএম তারিকুল আলম।

মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগ আয়োজিত 'গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয়' শীর্ষক সম্মেলনে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

একেএম তারিকুল আলম বলেন, তৃণমূল পর্যায়ের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার সহজলভ্য করে লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করেছে।

তিনি বলেন, ২০০৯ সালে বাংলাদেশ সরকার স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি চালু করে।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন- সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ, স্থানীয় সরকার, ময়মনসিংহ বিভাগের পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ অংশীজন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা রিসোর্স টিমের সদস্য, জেলা তথ্য ও লিগ্যাল এইড অফিসার, বিভাগীয় কমিশনার অফিসের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন